ঢাকা: নাজমুলের সাথে হাত মেলাননি বলেই কি হুমকি পাচ্ছেন ক্রিকেটাররা? বোঝা যাচ্ছে পানি বহুদূর গড়িয়ে গেছে।
নাজমুল ইসলামের বক্তব্যের বিরোধিতা করার পর থেকেই এই কাণ্ড শুরু হয়েছে।
প্রাণনাশের হুমকি পর্যন্ত পাচ্ছেন। কেউ হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার, কেউ ভয় দেখাচ্ছেন রাস্তাঘাটে হেনস্থা করার। গুলি করে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। গালিগালাজ তো আছেই।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনসহ বেশ কজন ক্রিকেটার ফোনে এমন বহু হুমকি পাচ্ছেন তাঁরা।
উল্লেখযোগ্য যে, ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ দুটি বর্জন করেন ক্রিকেটাররা।
অবশেষে শুক্রবার থেকে বিপিএল শুরুর কথা জানানো হয়।
মাঝখানে অনেক ঝামেলা হয়ে গেছে। এবং জামাতি নাজমুলের মনের কথাও বেরিয়ে এসেছে।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, তাদের অনেককেই হুমকি দেওয়া হচ্ছে।
“ক্যামেরার সামনে আমরা যারা এসেছি, তারা সবাই পেয়েছে (হুমকি), শুধু আমি নই। কোনো না কোনোভাবে বিভিন্ন অচেনা নম্বর থেকে আমাদের বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এটা সত্য।”
“ আপনারা সাংবাদিক, আমরা ক্রিকেটার। আমাদের ভাষা আপনারা বোঝেন, আপনাদের ভাষা আমরা বুঝি। আমি যদি বিতর্কিত কথা বলি, প্রতিটি মানুষের সেটি বোঝার ক্ষমতা আছে। আমি নিশ্চিত, এমন কোনো শব্দ ব্যবহার করিনি, যেটা কাউকে ছোট করে বা বিতর্কিত কিছু কিংবা দেশের বিপক্ষে কোনো কথা বলিনি। আমার একমাত্র ইস্যু ছিল ক্রিকেট, আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মান। প্রতিটি মানুষের নিজের সম্মান আছে এবং সেটি রক্ষা করার অধিকার তার আছে। আমরা আমাদের সম্মান রক্ষা করার অধিকার থেকে কথা বলেছি।”
“এখানে আমাদেরকে দেশদ্রোহী বা দেশের শত্রু হিসেবে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমরা জানি না, এখানে কোনো একটা শব্দ দেশের বিরুদ্ধে ছিল কি না। আমার মনে হয় না, আমাদের ক্রিকেটাররা বা কোয়াবের যারা আছে, তারা দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেছে বা দেশের স্বার্থ রক্ষা না করে কোনো কথা বলেছে।”
