ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানা আর নেই।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজেরা সুলতানার বয়স হয়েছিল ৭৬ বছর। সংসারে একমাত্র মেয়ে রানা সুলতানা এবং জামাতা মনিরুজ্জামানকে রেখে গেছেন তিনি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তফা আলমগীর রতন বলেন, “হাজেরা আপার মরদেহ আজ বেসরকারি একটা হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার একমাত্র মেয়ে কানাডায় থাকে। সে শনিবার দেশে ফিরলে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে আপাকে দাফন করা হবে।”
হাজেরা সুলতানা ১৯৭০ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়নের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
একাত্তরের মার্চে টাঙ্গাইলের পিটিআই মাঠে পাকিস্তানী পতাকা পোড়ানোর কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পরে কমিউনিস্ট বিপ্লবীদের উদ্যোগে টাঙ্গাইলের যমুনাচর এলাকায় কমান্ডার আব্দুল হালিমের (ইকবাল) নেতৃত্বে মুক্তিযুদ্ধে একটি সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। হাজেরা সুলতানা সেখানে প্রশিক্ষণ নেন এবং মুক্তিযুদ্ধে অংশ নেন।
১৯৭১ সালে মাতৃভূমিকে হানাদারমুক্ত করতে হাজেরা সুলতানার মতো বীর, তিনি শুধু অস্ত্রই হাতে তুলে নেননি, একজন দক্ষ সংগঠক হিসেবে পুরো মুক্তিযুদ্ধে কাজ করেছেন।
