ব্রাহ্মণবাড়িয়া: রুমিন ফারহানা একটি আলোচিত- সমালোচিত নাম রাজনৈতিক অঙ্গনে। সেই তিনি ফের চর্চায় এলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তাঁর নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

রীতিমতো ধমক দিয়ে তর্জনী, এমনকি তাঁকে পাত্তা না দিয়ে তাঁকে বুড়ো আঙুল পর্যন্ত দেখালেন।

একদম সরাসরি বলেন তিনি, “আপনারা যাদের কথায় চলতেছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধইরা *** নিচে থাকতো। আমি রুমিন ফারহানার কোন দল লাগে না।

আঙুল তুলে বলে গেলাম, ‘আজকে শুনছি, ভবিষ্যতে শুনব না’। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন”।

সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার বিকেলে স্থানীয় গ্রামবাসী রুমিন ফারহানার সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে কোনো ব্যানার বা মাইক ব্যবহার করা না হলেও, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন।

তিনি রুমিন ফারহানাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দিলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চ থেকে নামার সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে উচ্চস্বরে বলেন, “এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ (আপনাকে শেষবারের মতো সতর্ক করছি)।”

তিনি আরও বলেন, “প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আপনাদেরকে এভাবে (বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে) মানুষ বুড়ো আঙুল দেখায়, কিছু বলতে পারেন না। আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর এমন শুনব না।”

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করতে বলা হয়েছিল। এতে প্রার্থী উত্তেজিত হয়ে পড়েন।

তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী এই জরিমানা কার্যকর করা হয়েছে।

ঘটনার পর ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘আমি আশা করব প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। কারো পক্ষ নিয়ে কাজ করবে না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *