ঢাকা: দেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। এর মধ্যে বেশ কিছু কথা বললেন মির্জা ফখরুল।
বিএনপি নির্বাচনের জন্য উন্মুখ, কিন্তু যাদের ভোট নেই তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচন আসছে। দেখা যাক কে কতটা ভোট পায়। সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি।
আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকব, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই?
ফখরুল বলেন, আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে, এই দেশ লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে কিনা।
তিনি বলেন, আমাদেরকে অবশ্যই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে।
এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির (উদার গণতন্ত্র) হাতে থাকবে, নাকি উগ্রপন্থী–রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।
