ঢাকা: সংবিধানবিরোধী গণভোটে না ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

মঙ্গলবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে জিএম কাদের কথাগুলো বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো সাংবিধানিক বিধান নেই।

সংবিধান অনুযায়ী, কেবল নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে পারে।

তিনি বলেন, এত জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রশ্নে উপস্থাপন করা অবাস্তব। গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ ধরনের বিষয় এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক।

যারা এই প্রস্তাব দিয়েছে, তারা বিষয়টি আদৌ বুঝে করেছে কি না, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমাদের প্রার্থীরা ভয়ে মাঠে কাজ করতে পারছেন না। আমাদেরকে ভোট দেবেন অনেকে বলছেন। এই ভোটারদেরকেও হুমকি দেয়া হচ্ছে। ভোট দিলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হবে, এমন হুমকিও দেয়া হয়েছে। অনেক পুলিশও বলছেন, আপনারা মাঠে কাজ করতে আসলে আপনাদের অ্যারেস্ট করতে হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *