ঢাকা: জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’
তাঁর স্ত্রী ডলি চৌধুরী সংবাদ মাধ্যমকে বললেন, ‘আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তাঁর চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তার চিকিৎসাসেবা দিচ্ছিলেন।’
‘আজ সকালে দুজন নার্স এসে জানান, তার সারা শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জনপ্রিয় অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।
বহু চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন। ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ সহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
