ঢাকা: আগামি ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আওয়ামী লীগ এই প্রহসনের নির্বাচন বর্জন করেছে এবং জনগণকে বর্জন করার আহ্বান জানায়।

ইউনূস সরকারের জমানায় হাসিনার দল আওয়ামী লীগ ‘নিষিদ্ধ’ ঘোষিত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই হয়েছে তাঁর ফাঁসির সাজা।

এমন কঠিন অবস্থায় আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদনপত্রের গোড়ায় জাতির উদ্দেশে হাসিনার আর্জি— ‘‘ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’’

আবেদনপত্রে হাসিনার বার্তায় ‘গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশে’ বলা হয়েছে, ‘‘ভয়-ভীতি, হত্যা, সন্ত্রাস, গ্রেফতার, হুমকি, অত্যাচার, দমন-পীড়ন, অপহরণ, নিষ্ঠুর মবসন্ত্রাস (গণপিটুনি) যাই করুক না কেন তাঁরা ভোট দিতে যাবেন না।’’

এছাড়াও ভোট নিয়ে সজীব ওয়াজেদ জয় বর্জনের আহ্বান জানিয়েছেন।

এবার লেখক তসলিমা নাসরিন লিখেছেন তাঁর ভেরিফাইড ফেসবুকে:

“আওয়ামী লীগ ‘নো বোট, নো ভোট’ ক্যাম্পেইন করছে। আমার মনে হয় ভোট দেওয়ার দরকার। শেখ হাসিনার সময় এক যুগ ভোট হয়নি, এখন আবার ২ বছর চলে যাচ্ছে।

ভোট না হলে ইসলামী দলগুলো ধর্মের জোরে, সন্ত্রাসের জোরে দেশ দখল করে নিচ্ছে। এই ভয়ঙ্কর অরাজকতা বন্ধ করার জন্য এক নির্বাচিত সরকার জরুরি। সেই সরকার যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করে, যে গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে বৈধ করা হবে।

এবং পরবর্তী নির্বাচনে যেন সব রাজনৈতিক দলসহ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে সবচেয়ে ভাল হয় যদি জামায়াতে ইসলামীসহ সব ধর্মভিত্তিক দলকে অবৈধ ঘোষণা করা হয়।

ধর্মভিত্তিক দল থাকা মানে ধর্মনিরপেক্ষতা না থাকা। বাংলাদেশে যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, তাহলে ৭১এর মুক্তিযুদ্ধ অর্থহীন হয়ে যায়।

একটি মৌলবাদী উগ্রবাদী ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে আমাদের পৃথক হওয়ার কারণটি তো নিজের ভাষা আর সংস্কৃতিকে বাঁচানোর তাগিদের বাইরে মূলত ছিল উদারতা, মানবিকতা আর ধর্মনিরপেক্ষতা।

কোনও ইসলামী দলের কেউ যেন এবারের নির্বাচনে জয়ী না হয়। এরা সবকটাই প্রচণ্ড নারীবিদ্বেষী, মানবাধিকারবিদ্বেষী, অমুসলিমবিদ্বেষী। বিদ্বেষ, ঘৃণা, হিংসে, লোভ, এবং মধ্যযুগীয় অচল মানসিকতা, ধূর্ততাই এদের সম্বল। এদের নিঃশ্বাসের হলকা এসে দেশকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।

সৎ, সাহসী, নিষ্ঠ, আদর্শবান, ধর্মনিরপেক্ষ, ধর্ম- বর্ণ- জাত-জেন্ডার- শ্রেণী নির্বিশেষে সবার সমানিধিকার বাস্তবায়নের স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জিতিয়ে আনুন। দেশ বাঁচুক”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *