চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের চলমান অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)।
উদ্বেগ প্রকাশ করারই কথা কারণ দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার এই বন্দর।
এই বন্দরের কার্যক্রমে বিঘ্ন রপ্তানি খাতকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছে।
শুধু তাই নয়, বৈশ্বিক বাজারে বাংলাদেশের সরবরাহ শৃঙ্খলের ওপর আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করছে।
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অবিলম্বে স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম বাংলাদেশ)।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোচ্যাম গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশের বেশি এ বন্দর দিয়ে সম্পন্ন হয়। রফতানিমুখী শিল্পের প্রধান প্রবেশদ্বার হিসেবে এর কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে রফতানি চালান ও কনটেইনার খালাস প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইউরোচ্যাম জানায়, রফতানির সময়সূচি বজায় রাখতে না পারা, সঠিক সময়ে পণ্য পৌঁছাতে ব্যর্থ হওয়া এবং বাড়তি লজিস্টিক খরচের কারণে তাদের সদস্য প্রতিষ্ঠান ও বাংলাদেশ থেকে পণ্য কেনা ইউরোপীয় ব্র্যান্ডগুলো ক্রমেই শঙ্কিত হয়ে পড়ছে।
ইউরোচ্যাম বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছে।
