ঢাকা: বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সরাসরি বারণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

তাঁর স্পষ্ট আহ্বান, বাংলাদেশকে যদি বাঁচাতে হয় এবং দেশের মানুষকে যদি নিরাপদে বেঁচে থাকতে হয়, তাহলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়।

আসন্ন নির্বাচনকে ‘সাজানো’ এবং ‘নাটক’ বলে অভিহিত করেছেন সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দেশের জনগণকে ভোট বর্জন করার আহ্বান জানান।

ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, গত দেড় বছরে দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

তিনি বলেন, “কোনো আইন-শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, কোনো গণতন্ত্র নাই। আপনাদের ভয়ে থাকতে হয়েছে।”

হতে চলেছে একটি সাজানো নির্বাচন যেখানে দেশের অর্ধেক রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “শুধু আওয়ামী লীগ তো না, যত স্বাধীনতার স্বপক্ষের দল এবং প্রগতিশীল দল, তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে।”

তাঁর অভিযোগ, শুধুমাত্র বিএনপি ও জামায়াতকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেই এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

জয় আরও বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই ভোটের ফলাফল এবং কত শতাংশ ভোট পড়বে তা নির্ধারণ করে রেখেছে। তাই এই নির্বাচনে ভোট দিয়ে জনগণের কোনো লাভ হবে না।

অর্থাৎ ফলাফল আগেই তৈরি।

বলেন, “গায়ের জোরে একতরফা সংস্কার করলে তা টেকে না। ৭৫-এর পর যারা সামরিক শাসন করেছেন, তারাও গণভোট ও সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে গণতন্ত্র আরও দুর্বল হয়েছে।”

তিনি বারবার আহ্বান জানান, “বাংলাদেশের ভালো যদি চান, ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তবে এই নির্বাচনে ভোট দেবেন না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সাজানো নির্বাচন ও একতরফা সংস্কার মেনে না নিই।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *