ঢাকা: অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে। যুগোপযোগী মন্তব্য করলেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, “তাদের (অন্তর্বর্তী সরকার) যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—ওনাদের দম ফুরিয়ে গেছে। ”

এদিন, রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই কথা বলেন।

অনেক কথাই বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন। ”

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের বক্তব্য ও বাস্তব কাজের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু বাস্তবে সেই ছাতা খোলাই হয়নি।

“ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে”।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ এখনো রয়েছে এবং সেই সুযোগ কাজে লাগানো সরকারের দায়িত্ব।

তিনি বলেন, নারী, সংখ্যালঘু সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা ভিন্নমতের রাজনৈতিক শক্তি—সবার জন্য নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে অংশগ্রহণ, আর সেই অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *