ঢাকা: নির্বাচনের আগে ফল ঘোষণা এমনকি পদ ঘোষণাও হয়ে গেছে।
ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী বাড্ডায় এক নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে।
নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনও ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।”
বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে। বিএনপির নাটে–ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।”
জামায়াতের আমির বলেন, “৪৭ ও ৭১–এ জাতির আকাঙক্ষা পূরণ হয়নি। ২৪–এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।”
ভোটের আগেই ক্ষমতার চুলচেরা হিসেব হয়ে যাচ্ছে জামায়াতে।
নাহিদ ইসলামের প্রচারে এসে তাঁর হাতে জামাতের শাপলাকলি প্রতীক তুলে দেন শফিকুর রহমান। এরপরই তাঁর গলায় শোনা যায় নাহিদকে মন্ত্রী করার টোপ।
