ঢাকা: চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ।

ভোট চলাকালে চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, ঢাকায় ভোটকেন্দ্রে ছয়জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থতায়। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় এক পোলিং কর্মকর্তা মারা গিয়েছেন। নাম মুজাহিদুল ইসলাম (৪৮)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনায় সকালে ভোটকেন্দ্রের বাইরে জামায়াতকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মহিবুজ্জামান কচি নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

এদিকে, মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তাঁর মৃত্যু হয় ।

চট্টগ্রাম নগরীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)।

ঢাকার যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির নাম আলী আবু সাঈদ সরকার (৫৩)।

এছাড়াও গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে এক বৃদ্ধ মারা গিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *