ঢাকা: একটা নির্বাচিত সরকারের পতন ঘটানো হয়েছে। তারপর অন্তর্বর্তী সরকার এবং এবার বছর দেড়েকের পর স্থায়ী সরকার বসতে চলেছে।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের দেশের ক্ষমতায় এসেছে বিএনপি।

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন তারেক রহমান।

১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার তারেক রহমান শপথগ্রহণ করতে চলেছেন। শপথগ্রহণ হবে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তবে সূত্রের খবর, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কূটনৈতিক কোনও কারণ নয়। মঙ্গলবার ঢাকায় তারেক রহমানের শপথে মোদির অনুপস্থিতির কারণ তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি।

ওইদিন ভারত সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। মু্ম্বইতে মোদি-ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।

এই সূচির কারণে মোদি বিএনপির আমন্ত্রণ রক্ষা করে ঢাকা আসতে পারবেন না।

তবে ভারতের তরফে কোনও না কোনও প্রতিনিধির থাকার কথা আছে। মোদির হয়ে ঢাকায় তারেক রহমানের শপথে হাজির থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শংকর অথবা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *