মেহেরপুর: দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগের অন্ত নেই। বিভিন্ন সময় প্রচুর অঘটনের খবর আসে। রোগীর মৃত্যু ঘটে।
এবার হুলুস্থুল কাণ্ড মেহেরপুর ক্লিনিকে। জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে নাসিমা খাতুন (৫৫) এক নারী মারা গিয়েছেন।
রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবার, আত্মীয় স্বজনেরা। ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে হামলার পাশাপাশি মালিক ও চিকিৎসককে মারধর করেন। এমনটাই জানতে পারা গিয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগী মারা যান।
যাদের মারধর করা হয়েছে সেই চিকিৎসকরা হলেন- ক্লিনিকের মালিক ডা. মিজানুর রহমান ও তাঁর ছেলে এনেসথেসিস্ট ডা. অভি। দুজনকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ নাসিমা খাতুনকে অপারেশন থিয়েটারে নেন ক্লিনিকের স্টাফরা। সেখানে ডা. মিজানুর রহমান অপারেশন করেন এবং তাঁর ছেলে এনেসথেসিস্ট ডা. অভি সহযোগী হিসেবে ছিলেন।
কিছুক্ষণ পর হঠাৎ অপারেশন টেবিলেই রোগী মারা যান। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর পরিবার ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান দিপু জানান, আমরা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়েছি।
সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানাবেন কী কারণে রোগীর মৃত্যু হয়েছে। যদি চিকিৎসার অবহেলা বা ত্রুটি পাওয়া যায় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
