ঢাকা: আজ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে।
আজ, ১৭ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।
সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আগ্রহী থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বেতন ও সুবিধা নিয়ে। কার বেতন কত জানতে ইচ্ছা প্রকাশ করেন তাঁরা।
জানা যায়, সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তাঁর মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। এবং প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা।
এছাড়াও প্রধানমন্ত্রীর বেতনের সঙ্গে বাড়িভাড়া হিসেবে ১ লাখ টাকা, দৈনিক ভাতা ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকা বিমা কভারেজ এবং সাথে স্বেচ্ছাধীন তহবিল হিসেবে দেড় কোটি টাকা দেওয়া হয়। সরকারি বাসভবনে থাকলে বাড়িভাড়া পাবেন না।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে দেশে এবং দেশের বাইরের যেকোনো মেডিকেলে চিকিৎসা সুবিধা পাবেন তারেক; সঙ্গে পরিবারও পাবে।
জাতীয় সংসদের স্পিকার মাসে ১ লাখ ১২ হাজার টাকা পান।
প্রধান বিচারপতির বেতন হলো ১ লাখ ১০ হাজার টাকা।
মন্ত্রীরা ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা, একই পরিমাণ পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা পান।
উপমন্ত্রীদের বেতন ৮৬ হাজার ৫০০ টাকা। সাধারণ সংসদ সদস্যরা ৫৫ হাজার টাকা মাসিক বেতন পান এবং এ ছাড়া আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বাবদ ভাতা পান।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে গাড়ি সুবিধা পান। তাদের দৈনিক জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ ১৮ লিটার। দেশের ভেতরে যেকোনো ভ্রমণে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ২ হাজার টাকা, উপমন্ত্রী ১ হাজার ৫০০ টাকা দৈনিক ভাতা পান।
