ঢাকা: আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই তথ্য জানান ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।
দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের আগমনে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার এই মাস আমাদের ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মসমালোচনা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং ন্যায় ও হক প্রতিষ্ঠার অঙ্গীকার নবায়নেরও সময়।
এই মাস আমাদের ধৈর্য, ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। অসহায়, দুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের মূল প্রতিজ্ঞা।
বিবৃতিতে তিনি দেশের মানুষের কল্যাণ এবং শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মহান আল্লাহ আমাদের সিয়াম ও ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতিকে কল্যাণের পথে পরিচালিত করুন—এই কামনাও ব্যক্ত করেন’।
