টাঙ্গাইল: চলে গেলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা।

চলে যাচ্ছেন একে একে বীর মুক্তিযোদ্ধারা।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে।

ভারতে মারা গিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার শোকবার্তাটি তুলে ধরা হলো:

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এক শোক বিবৃতিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একইসাথে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিনি স্ত্রী, ৩ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

উল্লেখযোগ্য যে, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।

তিনি সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে ‘ভিপি জোয়াহের’ নামে অধিক পরিচিত ছিলেন।

পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *