ঢাকা: বাংলাদেশের ইতিহাসে ৭ মার্চ একটি স্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)-এ লাখো মানুষের উপস্থিতিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
অগ্নিঝরা এই ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিল।
পৃথিবীর ইতিহাসে যতগুলো গুরুত্বপূর্ণ ভাষণ আছে, এর মধ্যে অন্যতম একটি হলো ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ।
একটি ভাষণেই পাল্টে দিল বাঙালির ইতিহাস। বাঙালি হয়ে উঠল স্বাধীনতাকামী।
৭ মার্চের বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের অনুপ্রেরণা দেয়, অনুরণিত করে।
ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল ও প্রগতিশীল শিক্ষক সমাজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, নীল দলে কনভেনার অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ।
