পাবনা: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারের জন্য খনন কাজের সময় বেরিয়ে এলো একটি প্রাচীন বিষ্ণু মূর্তি।
শনিবার, ৭ মার্চের ঘটনা এটি। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে সরকারি মঠের পুকুর নামে পরিচিত ওই পুকুর থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
খননযন্ত্র এস্কাভেটর দিয়ে মাটি কাটার সময় মাটির নিচ থেকে পাথরের মূর্তিটি বেরিয়ে আসে।
ঘটনাটি একমুখ থেকে আরেক মুখ হতেই স্থানীয়রা ভিড় জমান। পুকুর খননে দায়িত্বে থাকা ইদ্রীস স্থানীয় প্রশাসনকে খবর দেন।
মূর্তিটি উদ্ধার করা হয় সেখান থেকে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করেন।
বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন হবে প্রায় ৪০ থেকে ৫০ কেজি।
বিষ্ণু মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
মূর্তিটি অত্যন্ত মূল্যবান বলে ধারণা স্থানীয়দের।
আগে হান্ডিয়াল এলাকায় হিন্দু সম্ভ্রান্ত বহু পরিবারের বসবাস ছিল। সে সময়কার প্রাচীন কোনো স্থাপনা বা মন্দিরের মূর্তি হতে পারে এটি। যা মাটির নিচে চাপা পড়েছিল।
কালের নিয়মে সেই মন্দিরগুলো মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। পুকুর খননের ফলে সেই ইতিহাস আবার সামনে এল।
