রাজশাহী: রাজশাহীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। বাঘায় ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন জনের প্রাণ গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ৭টা নাগাদ বাঘা-লালপুর সড়কের চণ্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে।
যারা নিহত হয়েছেন তাঁরা হলেন- নাটোরের লালপুরের নওপাড়া গ্রামের অটোরিকশার চালক শরিফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে যাত্রী বিধান দাস ও আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম।
যারা আহত হয়েছেন তাঁরা হলেন- নিহত রকেনার ছেলে শাহাজান আলী এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম।
ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
