চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গিয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।
এই ঘটনায় আহত হয়েছেন বাসের আরও নয় যাত্রী।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফেলাগাজী দীঘি এলাকার খাগড়াছড়ি-ফটিকছড়ি মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ইফতারের আধঘন্টা আগে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নয়ন উড়াং (২০), উত্তম উড়াং ও তপু কর্মকার (১৭)। তারা সবাই ফটিকছড়ির বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খেতে পড়ে যায়। আর মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
হতাহতদের উদ্ধার করে এলাকাবাসীরা মিলে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
