ঢাকা: এখনো প্রতিদিন হত্যা, লাশের খবর আসে। এই ব্যর্থতা কার?
এবার ঢাকার সাভারে ভাড়া বাড়ি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় ওই বাসা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত শারমীন জাহান (২৩) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঐ ছাত্রী বিবাহিত ছিলেন। এই ঘটনায় শারমীনের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি ঢাকা কলেজের ছাত্র। শারমীন চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহ জাহান মোল্লার মেয়ে।
সন্দেহভাজনের তালিকায় উঠে আসছে তার নাম।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, হত্যা ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শারমিনের স্বামী ফাহিম আল হাসানকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সন্দেহ করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ‘শারমিন জাহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেখে মনে হয়েছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।’
মৃত্যুর সঠিক কারণ জানতে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে বলে জানানো হয়।
