ঢাকা: একমাস অপেক্ষার শেষে আজ এলো সেই দিন। শনিবার সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদকে যদি শুধু আনন্দের দিন হিসেবেই দেখা হয়, তাহলে সেটা অবশ্যই ভুল। কারণ ঈদের আগে যে একমাস রোজা রাখা হয়, তার অর্থ নিজেকে সারা জীবনের জন্য সংযত করা। সবকিছু থেকে।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সবকিছু থেকে। এমনি এমনি তো বলে না যে রমজানের একমাস আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি হবে কিভাবে? নিজের মনকে পরিবর্তন করে।
অবশ্য বলতে খারাপ লাগে অথবা লাগেও না – এই মাসেই ধর্ষণের মাত্রা বাড়ে। সাম্প্রতিক সময়ে এমন বহু খবর আমরা পেয়েছি যেখানে শিশুগুলোকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। করা হয়েছে ধর্ষণ।
এগুলো আত্মশুদ্ধি নয়। যারা ধর্ষণ করেছে তারাও মুসলমান। রোজার মাসেও তারা বেপরোয়া! এরা কি আদৌ ধর্ম পালনের যোগ্য? নাকি ধর্ম এদের লালন করবে?
যাই হোক, আজ কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির এক গভীর তাৎপর্যের দিন। আকাশে চাঁদের দেখা মিলতেই ঘরে ঘরে ভেসে ওঠে সেই চিরচেনা সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।
ফিতরা আদায়ের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের জন্য উৎসবের আনন্দ নিশ্চিত করার যে বিধান, তা সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ধরা দেয়।
রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সবখানেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
ঈদের আগের রাত পর্যন্ত দোকানগুলোতে ছিল কেনাকাটার ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে আতর, টুপি, সেমাই ও চিনি।
ভোর হতেই ঘরে ঘরে শুরু হয়েছে রান্নার ব্যস্ততা। দেশের বিভিন্ন স্থানে বসেছে ঈদমেলা।
দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। ইমামতির দায়িত্ব পালন করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
সকলের উৎসব ভালো কাটুক, শুভেচ্ছা, শুভকামনায় থাকলো সোনার বাংলা24।
