ঢাকা: লিফটে বড় দুর্ঘটনা ঘটে গেলো এবং প্রাণই চলে গেলো এক নারীর।
ঘটনাটি ঢাকার ডেমরায়। চারতলা ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাপাড়ার মোমিনবাগ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোহাম্মদ বাপ্পি জানান, মোমিনবাগের নিজস্ব চারতলা বাড়িতে থাকেন তাঁরা।
সন্ধ্যার দিকে তাঁর মা চারতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গায় পড়ে যান।
হঠাৎ শব্দ পেয়েই পরিবারের সদস্যরা দ্রুত এসে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এমন একটি দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
