পাবনা: বিএনপির দুইপক্ষের সংঘর্ষে মাঝখান থেকে বেঘোরে প্রাণ হারালেন এক নারী। কথায় বলে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়!

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় চায়না খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।

ঘটনাটি ঘটে সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে।

জানা যায়, নিহত চায়না খাতুন (৪০) ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের বিরোধ চলছিল।

রোববার রাতেও দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়।

সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। ক্ষুব্ধ রাজা গ্রুপের লোকজন তাদের ওপর হামলা, গুলিবর্ষণ করে এমনকি বাড়ি ভাঙচুর চালায়।

এতে করে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহতরা হাসপাতালে ভর্তি।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দুপক্ষই বিএনপির সমর্থক। পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকার যুবকরা গত রাতে ঝামেলায় জড়ায়।

সকালে পশ্চিমপাড়া গ্রুপ লাঠিসোঁটা নিয়ে বাজারে পাহারা দেয়, যা উত্তেজনা বাড়ায়। পরে পূর্বপাড়া গ্রুপ অস্ত্র নিয়ে এসে হামলা চালায়।

এদিকে, ইসলাম প্রামাণিক বলেন, আমার ভাগনে ফরহাদ আওয়ামী লীগ সমর্থক ছিল। রোববার রাতে ভিটবিলা বাজারে তাকে মারধর করা হয়। আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি, কিন্তু উল্টো আমার ওপরও হামলা চালানো হয়।

পরে আমাদের গ্রামের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *