ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। সম্প্রতি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বোর্ডের যেকোনো কমিটি পুনর্গঠনের অধিকার রয়েছে এবং তিনি সেই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

​নিজের পদত্যাগ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, “পদত্যাগের কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬-র ‘ছ’ অনুযায়ী পরিচালনা পর্ষদ যেকোনো স্থায়ী কমিটি পুনর্গঠন করতে পারে। বোর্ড যখন মনে করেছে আমার সার্ভিস প্রয়োজন নেই, তখন থেকেই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি।”

তাকে সরিয়ে দেয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বোর্ড থেকে জানানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমাকে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) এবং বোর্ডের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আমি মনে করি, একদিন আগে পরিচালক থাকাকালীন বোর্ড ভালো ছিল আর আজ নেই দেখে বোর্ড খারাপ- এমন দ্বিমুখী নীতিতে আমি বিশ্বাস করি না। বোর্ডের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান আছে।”

২২ মার্চ বিসিবির একটি গুরুত্বপূর্ণ কমিটিতে পরিবর্তন আনা হয়। আমজাদকে সরিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে।

এর আগে মোখছেদুল একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *