ঢাকা: প্রয়াত হলেন দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ছিলো তাঁর। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
মাহবুবা রহমানের সংগীত জীবনের সূচনা হয়েছিলো ১৯৪৭ সালে তৎকালীন ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে।
গেয়েছেন অসংখ্য গান। যেগুলো কালজয়ী হয়ে আছে। পঞ্চাশ থেকে সত্তরের দশকের রেডিও এবং চলচ্চিত্রে তাঁর গাওয়া বহু গান কালজয়ী হয়ে আছে।
তাঁর দক্ষতা ছিলো বিশেষ করে পল্লিগীতি ও আধুনিক গানে।
একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে।
এছাড়াও মাহবুবা রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের চলচ্চিত্র সংগীতের ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মাধ্যমে।
সমর দাসের সুরে এই ছবিতে তাঁর গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজও জনপ্রিয়।
এরপর জহির রায়হানের ‘কখনো আসেনি’ চলচ্চিত্রে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ এবং ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ গানগুলো তাঁকে আরো জনপ্রিয় করে তোলে।
মাহবুবা রহমান ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’র মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন।
গুণী শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
