ঢাকা: চার দিনের সরকারি সফরে শনিবার মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা যাচ্ছেন।
উল্লেখযোগ্য যে, নতুন সরকার গঠনের পর এটি নিজের জেলায় রাষ্ট্রপতির প্রথম সফর হতে যাচ্ছে।
রাষ্ট্রপতি পাবনা সফরে যাচ্ছেন, তাঁর সফরের আগে জেলায় জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা এবং পাশাপাশি আরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
সফরের প্রথমদিন তথা শনিবার দুপুর ১২টা ১৫ এ বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
সেখান থেকে হেলিকপ্টারে করে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে সেখানে রাত্রিযাপন করবেন।
পরদিন রবিবার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এবং এদিনই সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
সোমবার সকালে যাবেন পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে। এবং সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন।
মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন। তারপর হেলিকপ্টারে ঢাকার দিকে রওনা হবেন রাষ্ট্রপতি।
