ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি স্টিল কারখানায় লোহা গলানোর সময় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনের গোলায় দগ্ধ হয়েছেন প্রায় ৮ জন শ্রমিক।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধ ব্যক্তিদের সেখান থেকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকেরা হলেন মো. হিরা (৩৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. রজব আলী (২৯), মোহাম্মদ মতিউর রহমান (২২), মো. আরশেদ মিয়া (৪৫), মো. লিটন মিয়া (৩২), মো. মানিক মিয়া (৪৫) ও ইউসুফ মিয়া (৪০)।
জানা যায়, কারখানার ভেতরে লোহা গলানোর কাজ চলার সময় হঠাৎ তীব্র তাপের মধ্যে আগুনের গোলা উপরে উঠে যায়। এতে আশপাশে থাকা শ্রমিকরা আগুনে দগ্ধ হন।
ঘটনার বিষয়ে আহতদের সহপাঠী মো. শহিদুল ইসলাম জানান, কাজের সময় আকস্মিকভাবে আগুনের গোলা ছিটকে উঠলে শ্রমিকরা গুরুতরভাবে দগ্ধ হন।
দুর্ঘটনার পর কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
দুর্ঘটনার কারণ কী? এবং নিরাপত্তা ত্রুটি বিষয়ে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ আশা করছেন শ্রমিক এবং তাদের আত্মীয়রা।
