ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার, ১ এপ্রিল দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডালিয়া নওশীন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা যায়।
বাংলাদেশি নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বেগম ডালিয়া নওশিনের মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারি ও ফারহিন খান জয়িতাসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
গান ছিলো তাঁর জীবনের অঙ্গ। তাঁর সাধনা। ৭০ পেরিয়েও তিনি নিয়মিত কণ্ঠচর্চা করতেন।
সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ খ্রিষ্টাব্দে একুশে পদক প্রদান করে। ডালিয়া নওশীন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে।
ক্যান্সার জয় করার পর জীবনের শেষ কয়েক বছর তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
