পঞ্চগড়: নাহ, কোনো ট্রাক চালক বা আমজনতার যানের ধাক্কায় নয়, পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন সাইকেল আরোহী।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী, ষাটোর্ধ্ব সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।
জানা যায়, দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে মহাসড়কে উঠছিলেন। ঠিক এই সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের দ্রুতগামী
মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের ধাক্কা লাগে এবং মহাসড়কের পাশে দুজনই ছিটকে পড়েন।
স্থানীয়রা আহত মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে সেখান থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’
