গোপালগঞ্জ: জ্বালানি তেলের সমস্যায় পড়েছে সারা দেশ। ফিলিং স্টেশনগুলোতে গিয়ে শোনা যাচ্ছে একটাই কথা, তেল নেই। কাজের সময় যদি ফিলিং স্টেশনেই দাঁড়িয়ে থাকে মানুষ, তবে কাজ করবে কখন? এইভাবে তাঁদের কাজেও কি রাখবেন কোনো কর্মকর্তা?
এই নিয়ে দেশবাসীর মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।
গোপালগঞ্জে ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা। এতে সড়কে দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ সদরের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে এই অবরোধ করা হয়।
এতে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন। এক ঘণ্টা পর পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেন।
অভিযোগ উঠছে, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল পর্যাপ্ত আছে। কিন্তু তেল দেয়া হচ্ছে না। কালোবাজারি চলছে।
অবরোধকারী আশিক আলম, সামাদ কায়েস, সাকিব শেখ অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও তাদের তেল দেওয়া হচ্ছে না।
তেল নিতে তারা ভোর থেকেই অপেক্ষা করে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। এতে ব্যবসা-বাণিজ্য, চাকুরীসহ কাজ কর্মে ছন্দ পতন ঘটেছে। অনেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছি।
