কক্সবাজার: ছয় বছর এক শিশুকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই।
কক্সবাজারের উখিয়ায় গ্রেপ্তার হওয়া এক নারীর সঙ্গে তার ছয় বছর বয়সী শিশু মাইরা মনিকে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
যদিও পুলিশ ভিন্নভাবে বলছে, পরিবারের অনুরোধে শিশুটিকে মায়ের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি কোনো মামলার আসামি নয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, শিশুটিকে কোনো মামলায় আসামি করা হয়নি। তার মায়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সে কারণেই মায়ের সঙ্গে শিশুটিকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শেখপাড়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ঐ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন।
এমন ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উখিয়া থানায় মামলা করে।
মামলায় স্থানীয় ইউপি সদস্য সালাহউদ্দিনের বাবা জাফর আলম (৭৮) এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম এক ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নয় বছরের নিচে কোনো শিশুর কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হয় না। সেই বিবেচনায় একটি শিশুকে গ্রেপ্তার করা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
উখিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সাইদ মোহাম্মদ আনোয়ারও বিষয়টি নিয়ে সমালোচনা করে বলেন, একটি নিষ্পাপ শিশুকে থানায় আটক রেখে পরে আদালতে পাঠানো শুধু আইনের পরিপন্থী নয়, মানবিক মূল্যবোধেরও অবমাননা।
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।
