ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে হামের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে শিশুদের অভিভাবকরা দিনরাত আতঙ্কে কাটাচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলায় মোট তিনজনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আর সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তাদের মধ্যে ২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, দেশে হাম পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।

টিকা দেওয়ার পর শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় প্রয়োজন।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

টিকাদান শুরু হলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। পরিষ্কার জানালেন তিনি।

টিকা কার্যক্রমে ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না?

সাংবাদিকদের এই প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, প্রত্যেকটা নেগেটিভ ঘটনা আমরা সিরিয়াসলি ক্ষতিয়ে দেখি। একটা এয়ারপ্লেন ক্র্যাশ হলে তার কারণ খুঁজে বের করার চেষ্টা হয়, উদ্দেশ্য থাকে পরবর্তী ফ্লাইট যেন আরও নিরাপদ হয়। এই বিষয়টাও আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *