রাজশাহী: হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি-দেশে মহোৎসব চলছে। দেখার কেউ নেই। অরাজকতা এবং বেপরোয়া চাঁদাবাজি আজ সাধারণ মানুষের নাভিঃশ্বাস তুলছে।
আসলে ক্ষমতার পালাবদল হয়, কেবল ‘মুখ’ বদলায় , কিন্তু ‘চাঁদাবাজির সংস্কৃতি’ বদলায়নি।
দেখা যাচ্ছে, রাজধানীসহ সারা দেশের পরিবহন রুটে যে হারে চাঁদাবাজি চলছে, জনগণের ভোগান্তির শেষ নেই।
রাজপথে পেশিশক্তি আর চাঁদাবাজির মহোৎসব চলছে। চাঁদা না পেয়ে খুন করা হচ্ছে! দেশটা হয়েছে মগের মুল্লুক।
এবার রাজশাহীর পুঠিয়ায় নেশা করার জন্য চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজারে।
নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
জানা যাচ্ছে, জুয়েল প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও দোকান খুলেছিলেন। এই সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে ঢুকে তাঁর কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে।
টাকা দেবেন না বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। তারপরেই আচমকা মাইনুল তার কাছে থাকা ছুরি বের করে জুয়েলের বুকে আঘাত করে। জুয়েল দোকানের ভেতরেই লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্থানীয় ব্যবসায়ীরাই হত্যাকারী মাইনুলকে আটক করে বাজারের সামনের একটি খুঁটিতে বেঁধে রাখেন। পরে পুলিশে সোপর্দ করা হয়।
