কুমিল্লা: অকটেন, ডিজেল নিয়ে কত জায়গায় রীতিমতো মারামারি, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে মানুষ।
কুমিল্লার বুড়িচংয়ে অকটেন ভাগাভাগি নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ধস্তাধস্তির সময় বিড়ির আগুনে প্লাস্টিক দুটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এবং ঘটনায় তিনজন দগ্ধও হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে। একসময় বিড়ির আগুন হঠাৎ করেই পাশের প্লাস্টিক কারখানায় পড়ে যায়। এবং এক মুহূর্তে আগুন দাউ দাউ করে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়।
যারা দগ্ধ হয়েছেন তাঁরা হলেন, মো. সোলাইমান (৩২), তানভীর হোসেন (১৯) এবং মো. শুভ।
এঁদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, তাঁরা কারখানায় ঘুমোচ্ছিলেন। অথচ তাঁদেরই ক্ষতি হয়ে গেলো।
কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম বলেন, ‘আমরা কারখানায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন চিৎকার শুনে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে।’
ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
