ঢাকা: বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের মেরামতি চলছে। যেটা প্রায় শেষ হয়ে গিয়েছিলো ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে।

এবার ভারত-বাংলাদেশ সম্পর্ক মেরামতির লক্ষ্যে আরো একটু এগিয়ে গেলো নরেন্দ্র মোদি সরকার। বলা যায় উল্লেখযোগ্য পদক্ষেপ মোদি সরকারের।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান বিজেপি নেতা পশ্চিমবঙ্গের দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হবে। কূটনীতিবিদ প্রণয় বর্মার পরিবর্তে নিযুক্ত হতে চলেছেন ত্রিবেদী।

সূত্রের খবর মতে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট মিটে গেলেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
ত্রিবেদী অবাঙালি কিন্তু বাংলা সম্পর্কে তিনি জ্ঞান রাখেন।

অবাঙালি হলেও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে থাকার জন্য দীনেশ ঝরঝরে বাংলা বলেন। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যোগসূত্র আছে তাঁর বহুদিনের।

বাংলার সংস্কৃতি নিয়ে ধারণা রয়েছে তাঁর। তাই ত্রিবেদী এই মুহূর্তে আরো উল্লেখযোগ্য হয়ে উঠেছেন।

আশা করা হচ্ছে, তাঁর হাত ধরে ভারত-বাংলাদেশের সম্পর্কও নতুন মোড় নেবে।

প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত ত্রিবেদী। প্রণয় ভার্মা এরপর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক তাৎপর্যও রয়েছে।

দীনেশ ত্রিবেদী কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এবং পরে বিদেশে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন।

রাজনীতিতে আসার আগে তিনি পাইলট হিসেবে চাকরি করতেন এবং নিজের ব্যবসাও পরিচালনা করতেন।

৭৫ বছরের বর্ষীয়ান এই বিজেপি নেতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

তৃণমূলে ছিলেন তিনি। সে সময় ত্রিবেদী দীর্ঘদিন কেন্দ্রের ইউপিএ সরকারের রেল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন ।

২০২১ সালে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের সাথে সুসম্পর্ক ছিলো। তবে ২০২৪ সালে জুলাই-অগস্ট মাসে শুরু হয় জঙ্গী অভ্যুত্থান।

হাসিনা সরকারের পতনের পর থেকেই ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্কে বদল ঘটে দুই দেশের। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সম্পর্কের আরও অবনতি ঘটে।

এখন মনে করা হচ্ছে, তারেক রহমানের সরকার গঠনের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যেই একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে কূটনৈতিক পদে নিয়োগ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *