ঢাকা: অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিদিন ঘটছে। বিদ্যালয় থেকে হাসপাতাল সব গুরুত্বপূর্ণ ও জরুরি জায়গাগুলোতে আগুন লাগছে। লাগছে না লাগানো হচ্ছে – তা নিয়ে প্রশ্ন উঠছে!
এবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতালের বেজমেন্টে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, দুপুর ১২টা ৩৮ মিনিট নাগাদ খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়।
১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যদিও হাসপাতালের বেজমেন্টে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
