ঢাকা: এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। আগামি ২ জুলাই থেকেই শুরু হতে চলেছে লিখিত পরীক্ষা, চলবে ৮ আগস্ট। এরপর নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা।
আগামি ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
আজ, বুধবার, ২২ এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথমদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবং শেষদিন ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা, দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
আবার দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর আধঘন্টা আগে পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
এদিকে ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট ও ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখ করা সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
