ঢাকা: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। তার উপর মারাত্মক রকমের লোডশেডিং। এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। স্কুলে উপস্থিতি কমে যাচ্ছে।
শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, বিশেষ করে রাতে। তীব্র গরমে ফ্যান ছাড়া জীবন হয়ে ওঠে অসহনীয়। অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং ও অফিসের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিভাবকরা বলছেন, গরমে স্কুল সকালে করা খুবই গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থী এবং শিক্ষক সবার জন্যে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করে।
দেশের উপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। রাজশাহীর অবস্থা তো খুবই খারাপ। রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ২৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে। এমনটাই উদ্বেগজনক তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি, দমকা হাওয়া হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
তাছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
