ঢাকা: অভিনয়শিল্পী তারিকুজ্জামান তপন মারা গিয়েছেন। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তাঁর মৃত্যু হয়। আফতাবনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনি জানান, শেষ কয়েকদিন ধরে তপনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসকরা আর চিকিৎসার সুযোগ নেই জানালে শুক্রবার বিকেলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। রাতেই তিনি মারা যান।

তারিকুজ্জামানের ভক্তরা এখনো ভাবতেই পারছেন না তিনি নেই।

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন।

তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *