চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে কাউসারুজ্জামান (৩৬) নামে বিএনপি’র এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার ভোর রাতে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকার বিএমও ব্রিক ফিল্ড সংলগ্ন সড়কে এই হত্যাকাণ্ডটি ঘটে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শুক্রবার রাত ৩টার দিকে কাউসারুজ্জামান নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে পৌঁছালে সাত/ আটজন অস্ত্রধারী তার ওপর হামলা চালায়।
তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে! পিঠের বাঁ পাশে একাধিক গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় আত্মীয় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাঁকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাউজানের চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করেন নিহতের ক্ষুব্ধ স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।
নিহতের বাবা এই খুনের বিচার চেয়েছেন।
