ঢাকা: বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি শীঘ্রই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন।
আজ, সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল ভারতের মোদী সরকার।
দীনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।
রাজনীতিতে অভিজ্ঞ ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীর সামনে এবার থাকবে দুই দেশের তিক্ততা ঘুচিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।
যদিও তারেক রহমানের সরকার গঠনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক মেরামতির কার্য চলছে। যেটা ভেঙে গিয়েছিলো ইউনূসের সময়।
গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয় দুই তরফেই।
দীনেশ ত্রিবেদীর জন্ম গুজরাটি পরিবারে। যদিও তিনি কলকাতায় বড় হয়েছেন এবং পরিষ্কার বাংলা বলেন।
সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী ও টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা দীনেশ বাঙালি সংস্কৃতি, রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে জ্ঞান রাখেন।
কংগ্রেস, জনতা দল হয়ে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীনেশ। তাঁর রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং ৬ মার্চ বিজেপিতে যোগ দেন।
