সিলেট: আবারো সড়ক দুর্ঘটনা ঘটলো। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রায় ৮ জন মারা গেছেন ।
সড়ক দুর্ঘটনা আজকালের স্বাভাবিক খবর হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আমাদের কানে চলে আসে। মৃত্যু অনিবার্য। কেউ তা থামাতে পারবে না। তবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মেনে নেওয়া কঠিন। দিনে হাজারো দুর্ঘটনার শিকার হয়ে নিহত হচ্ছে মানুষ।
রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, ঘটনাস্থলেই মারা যান কয়েকজন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও কয়েকজন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়ও পৃথক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন মারা গিয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকার মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটে। একটি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারে।
নিহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
