ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১০ জন মারা গিয়েছে।
রবিবার, ৩ মে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ ৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা হচ্ছে ৪০ হাজার ৪৯১ জন।
তবে সন্দেহজনক হামরোগী মানেই নিশ্চিত হাম। সন্দেহজনক হাম বলে সংখ্যাটা কম দেখানোর চেষ্টা করা হয়।
বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩১৩ জন।
এদিকে হামের টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ শিশু হামের টিকার আওতায় এসেছে। এখন এক্ষেত্রে কোনো ‘ঘাটতি’ নেই।
টিকার ‘যথেষ্ট মজুদ’ আছে দাবি করে তিনি বলেন, হামের টিকা দেওয়া চলছে। টিকা না পাওয়ার সংখ্যা কমে আসছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং মৃত্যুর হারও কমে আসছে। তবে অ্যান্টিবডি তৈরি হতে একটু সময় লাগে।
আজ, রবিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে মন্ত্রী কথাগুলো বলেন।
