ঢাকা: ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেন বটে। আসন্ন কোরবানির ঈদের আগ পর্যন্ত বিপণিবিতান এবং দোকানপাট সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।

আগামি ১২ মে মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “ঈদ উপলক্ষ্যে আমরা সন্ধ্যা ৭টার বদলে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে আবেদন করেছিলাম। বিদ্যুৎ মন্ত্রীর (ইকবাল হাসান মাহমুদ টুকু) সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাদের ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছেন।’’

তবে দোকানে অতিরিক্ত আলোকসজ্জা করতে বারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর জন্য গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর নিকট আবেদন জানিয়েছিল দোকান মালিক সমিতি।

সেই আবেদনে রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।আবেদনের প্রেক্ষিতে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে অবহিত করেন, আগামি ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকানপাট ও মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে মার্কেট ও বিপণি বিতানগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

সমিতির সভাপতি হেলাল উদ্দিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা সম্পন্ন করার জন্য ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *