চট্টগ্রাম: হত্যা, মব, ডাকাতি, ধর্ষণের পরিচয়ে পরিচিত এখন বাংলাদেশ। কারণ এগুলো ছাড়া আর কোনো খবর পাওয়া যায়না।
এবার চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনায় একটি শিশুও আহত হয়েছে।
দুর্বৃত্তদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এই নৃশংস ঘটনা ঘটে। এ সময় গুলিতে রেশমি আক্তার (১২) নামে এক শিশুও আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। কয়েক দিন আগে তিনি রৌফাবাদে বোনের বাড়িতে বেড়াতে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় পাশে থাকা শিশু রেশমি গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের বোন রুমা আক্তার দাবি করেছেন, রাজু পেশায় দিনমজুর ছিলেন এবং তার সাথে কারো কোনো বিরোধ ছিল না।
তবে সূত্রে জানা যাচ্ছে, গত ২৬ এপ্রিল রাউজানে যুবদল কর্মী নাসির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাকি রাজুর নাম ছিল।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
