ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী।
আগামিকাল ৯ মে’ মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর। তারপরই শুরু হবে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকারের পথ চলা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ধরাশায়ী করেছে বিজেপি।
বিজেপির বাংলা জয়ে মোদী-শাহ জুটির ক্যারিশ্মা যেমন ম্যাজিক দেখিয়েছে, তেমনই কামাল করেছেন ঘরের ছেলে শুভেন্দু অধিকারী।
ভবানীপুরে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী।
পরপর দু’বার দুটি বিধানসভা ভোটে মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারিয়ে তিনি এখন ‘জায়ান্ট কিলার’। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, তারপর বাংলার মুখ্যমন্ত্রী- শুভেন্দুর এই রাস্তা কিন্তু খুব মসৃণ ছিল না।
বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।
বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম পরিষদীয় দলনেতা হিসাবে ঘোষণা করেন অমিত শা। দ্রুত লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করতে চলেছেন শুভেন্দু।
এই প্রসঙ্গে অমিত শা বলেন, “পরিষদীয় দলনেতা হিসাবে একমাত্র শুভেন্দু অধিকারীর নামই প্রস্তাব করা হয়। সময় দেওয়া হলেও দ্বিতীয় কোনও নাম উঠে আসেনি।”
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিধায়ক দল বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব করেন। তবে খোদ শমীক ভট্টাচার্যের নামও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিল যদিও শেষ পর্যন্ত শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নির্বাচনী সাফল্য তাঁকে এই দৌড়ে এগিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।
