ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজয়ী সকলকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে তিনি শুভেন্দু অধিকারীর নাম নিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সাফল্যের ধারা বজায় রাখা সমস্ত জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এই অভিনন্দন জানান।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-সহ সমস্ত দলের প্রার্থীদের প্রতি তাঁর অভিনন্দন ব্যক্ত করেছেন।
তিনি আশাপ্রকাশ করেন যে, পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত এই প্রতিনিধিরা আগামি দিনে অত্যন্ত নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে তাঁদের অর্পিত দায়িত্ব পালন করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ এক অভিনন্দন বার্তায় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিগণসহ বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য এবং পশ্চিমবঙ্গ-সহ সমগ্র ভারতের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন।
একটি উল্লেখযোগ্য দিক হলো পশ্চিমবঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা তথা রাজ্য রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব শ্রী শুভেন্দু অধিকারীর প্রতি শেখ হাসিনার বিশেষ শুভেচ্ছা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শীর্ষ নেত্রীর পক্ষ থেকে এই বিশেষ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিজেপির জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর বিষয়টি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশে ২০২৪ সালে ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনা ভারতে চলে যান।
এরপর একাধিকবার পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন, হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধুর কন্যা। তিনি বৈধ প্রধানমন্ত্রী। তাঁকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি ভারতের অতিথি। কোথাও দ্বিধা করেননি এই কথা বলতে।
