ঢাকা: দেশের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলা হয়েছে আপসহীন দেশনেত্রী।
সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কার পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি–ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কার চালু করেছে।
প্রতিবছরই এই পুরস্কার প্রদান করা হবে।
এই বছর তথা ২০২৬ সালে পুরস্কার পেতে যাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।
